UsharAlo logo
, |

খুলনায় জামায়াতের ৯ থানার নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বুধবার রাতে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত থানা আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নবনির্বাচিত থানা আমীরদের শপথ কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গুরুদায়িত্ব পালনের অঙ্গীকার। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্বার্থ রক্ষার ওপরও গুরুত্ব দেন।

নবনির্বাচিত আমীরদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব কোনো ক্ষমতার পদ নয়, বরং আমানত ও ত্যাগের পরীক্ষা। কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন, জনগণের সেবা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।

মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদের সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান ও মুশাররফ আনসারীসহ অন্য নেতারা।

অনুষ্ঠানে মহানগরী আমীর ২০২৭-২০২৮ সেশনের জন্য খুলনা সদর থানার এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানার জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানার মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানার নিয়াজ আনসারী, আড়ংঘাটা থানার মোহাম্মদ আশরাফ হোসেন, খানজাহান আলী দক্ষিণ থানার ইসমাইল হোসেন পারভেজ, পেশাজীবী থানার অধ্যাপক মাওলানা আবু সালেহ, মাদরাসা থানার হাফেজ ইমরান খালিদ এবং ব্যাংক থানার শাহিদুল ইসলামকে শপথবাক্য পাঠ করান। এ সময় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ঊআ-মোচৌ