UsharAlo logo
, |

কুয়েটে দুই জ্যেষ্ঠ অধ্যাপককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও প্রফেসর মো. গোলাম কাদেরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। শিক্ষক সমিতির সভাপতি ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিহিত। বিদায়ী দুই অধ্যাপক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, দুই অধ্যাপক তাঁদের মেধা, প্রজ্ঞা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে সমৃদ্ধ করেছেন। তাঁদের অবদান ভবিষ্যৎ শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে।

বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও প্রফেসর মো. গোলাম কাদের কুয়েটে দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রফিক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম।

বক্তারা বিদায়ী দুই অধ্যাপকের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন এবং অবসরোত্তর জীবনের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁদের হাতে উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ