ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন হতে বেলুন হামলার জবাবে শনিবার এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়।
কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ হতে বলা হয়েছে, গাজার যেখান থেকে হামাস রকেট হামলা চালায় সেখানে ও তাদের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি।
নিউ প্রেস এক প্রতিবেদনে জানায়, বেইত হানোন ও জাবালিয়াসহ ৩ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।
মে মাসে দুই পক্ষের সংঘাতে গাজায় ২৫৬ ফিলিস্তিন নিহত হন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয় ১৩ জন। সে সময় ফিলিস্তিন থেকে বেলুন হামলায় ইসরায়েলের বহু জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুক্রবারও গাজা থেকে বেলুন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়। তার জবাবেই বিমান হামলা চালানো হয়েছে।
অপরদিকে মে মাসে গাজায় নির্বিচারে বিমান হামলা চালানোয় ইসরায়েলের বিরেদ্ধে সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
(ঊষার আলো-এফএসপি)
