UsharAlo logo
, |

আমার মা ছিলেন সবচেয়ে বড় গেরিলা- প্রধানমন্ত্রী

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে সবচেয়ে বড় গেরিলা বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের প্রতিটি সংগ্রামে আমার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান রয়েছে। আমার মা সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষের জন্য চিন্তা করতে প্রেরণা জুগিয়েছেন। রাজনীতিতে ব্যাপকভাবে সক্রিয় থাকলেও, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা গেরিলা সংগঠন বেগম মুজিবের কর্মকাণ্ড আঁচ করতে পারেনি।

রোববার (৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কানফারেন্সিংয়ে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, গেরিলাযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আমি সর্বদা বলি, আমার মা  সবচেয়ে বড় গেরিলা। তিনি গোপনে ছাত্রদের সাথে দেখা করে দিকনির্দেশনা দিয়ে আসতেন। আমাদের বাসায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকও হয়েছে। আমার মা ওইসময় খুব শক্ত ছিলেন ৬-দফার পক্ষে।

তিনি আরও বলেন, স্বামীর কাছে মানুষের নানা ধরনের চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে। অনেক কিছু পাওয়ার থাকে। কিন্তু আমার মায়ের, বাবার কাছে কোনো কিছুর চাহিদা ছিল না। তিনি সর্বদা বলতেন, তুমি দেশের কথা চিন্তা করো। আমাদের নিয়ে ভাবতে হবে না। প্রতিনিয়ত প্রেরণা দিয়ে গেছেন। আমার মায়ের যে অবদান আছে এদেশের রাজনীতিতে শুধু তাই না, বাংলাদেশের মানুষের অগ্রগতিতেও তার অনেক অবদান আছে।

(ঊষার আলো-আরএম)