UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কুরআন অবমাননার অভিযোগে স্থানীয় এক মানসিক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।বিবিসি জানায়, পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জঙ্গল ডেরা গ্রামে এক মানসিক ব্যক্তির বিরুদ্ধে কুরআন অবমাননার অভিযোগ ওঠে।

ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তিনি পুলিশি হেফাজতে ছিলেন। সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করে ওই গ্রামের বাসিন্দারা।গতকাল শনিবার স্থানীয় পুলিশ হত্যার ঘটনায় জড়িত ৮০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা মুনাওয়ার হোসেন জানান, কর্মকর্তারা গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় গাছে বাঁধা দেখতে পান। গ্রামবাসীরা লাঠিসোঁটা, কুড়াল ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে মেরে লাশ গাছে ঝুলিয়ে রাখে।

স্থানীয় পুলিশ স্টেশনের প্রধান মুনাওয়ার গুজ্জও বলেন,‘হতভাগ্য ওই ব্যক্তি গত ১৫ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।’এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা বলা হচ্ছে।

তা ছাড়া, হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তিকে বাঁচাতে ব্যর্থতার জন্য স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বিষয়েও প্রতিবেদন চেয়েছে সরকার ।

ঊষার আলো-এসএ