UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কালোবাজারে পণ্য বিক্রির চেষ্টা, টিসিবি ডিলারকে জরিমানা

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: টিসিবির পণ্য কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মজুদকৃত পণ্য উদ্ধার করে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং টিসিবি আঞ্চলিক কার্যালয় নগরীতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করে। এ সময় গরিয়ারপাড়ের সেতু বন্ধন ক্লাব সংলগ্ন এলাকায় ট্রাকসেল মনিটরিং কালে নির্ধারিত ট্রাকে ১৬২ লিটার তেল, ১০০ কেজি ডাল এবং ১০০ কেজি চিনি কম পাওয়া যায়।

ওই ট্রাকের বিক্রয় কর্মী মনিটরিং টিমকে জানান, ডিলার মো. জাহাঙ্গীর হোসেন টিসিবি থেকে পণ্য উত্তোলন করার পর উল্লিখিত পণ্য বিক্রয় না করে গুদামজাত করেছেন। পরে কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য উদ্ধার করে পুনরায় জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্র নগরের হাটখোলা রোডস্থ  বিসমিল্লাহ স্টোরের স্বত্বাধিকারী ও টিসিবির ডিলার মো. জাহাঙ্গীর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

টিসিবির ট্রাকসেল কার্যক্রম মনিটরিং করার সময় টিসিবি আঞ্চলিক কার্যালয় বরিশাল বিভাগীয় প্রধান আল আমিন হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং মো. শাহ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

শাহ শোয়াইব মিয়া জানান, ওই ডিলারের ডিলারশিপ বাতিল করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সার্বিক কার্যক্রমে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ঊষার আলো-এসএ