ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় যে বোতলের নাপা সিরাপ খেয়ে দুই শিশু (সহোদর) মারা গেছে, অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে পাঠানো হচ্ছে। জব্দ বোতলের সিরাপে কোনো সমস্যা ছিল কি না তা পরীক্ষা করে দেখবে ঔষধ প্রশাসন।
গতকাল মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (কেমিক্যাল) নাজমুল করিম খান বলেন, ‘নাপা সিরাপ যেসব উপকরণ দিয়ে তৈরি হয়, সেসব উপকরণ ওই বোতলের সিরাপে রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে বোতলটি ঔষধ প্রশাসনে পাঠানো হবে। ঔষধ প্রশাসন কোনো গরমিল পেলে সিআইডি তাদের নিজস্ব পরীক্ষা-নিরীক্ষায় যাবে এবং আইনি ব্যবস্থা নেবে।
এদিকে ছয় দিনেও দুই শিশুর মৃত্যুর কারণ উদঘাটন না হওয়ায় ভিসেরা এবং যে ওষুধ খেয়ে শিশু দুটি মারা গেছে, সেগুলোর পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিশু দুটির পরিবারের একজনের মোবাইল ফোনের কল রেকর্ড নিয়েও কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একটি ফোন নম্বর থেকে কার সঙ্গে কী কারণে লম্বা সময় নিয়ে কথা বলা হতো সেটি জানার চেষ্টা চলছে।
ঊষার আলো-এসএ
