ঊষার আলো প্রতিবেদক : ঈদের পূর্বে বদলী-দৈনিকভিত্তিক ও নাম ভুলের সমস্যা সংশোধনপূর্বক সকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাল-ডাল-তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সোমবার (১০ মে) বেলা ১১টায় খুলনা মহনগরের খালিশপুর শিল্পাঞ্চলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, জেলা সাংগঠনিক সম্পদক এস এম চন্দন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কনা, নাগরিক নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, খালিশপুর সিপিবি নেতা মিজানুর রহমান স্বপন, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহবায়ক আলমগীর হোসেন লিটু, যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার, শামস শারফিন শ্যামন প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী-দৈনিকভিত্তিক ও নাম ভুলের সমস্যা সংশোধনপূর্বক সকল শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় অবর্ণনীয় অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাদের ঘরে খাবার নেই। সন্তানদের লেখাপড়া চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। কর্মহীন শ্রমিক পরিবারের বয়স্ক সদস্যরা হৃদরোগ, স্ট্রোক, হাঁপানী, এ্যাজমা, কিডনীসহ জটিল রোগে আক্রান্ত হলেও ওষুধ কেনার ন্যূনতম সামর্থ নেই। করোনার ভয়াবহতায় তাদের বিকল্প কর্মসংস্থান নেই। এক কথায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। বক্তারা আরও বলেন, ঈদ অত্যাসন্ন। ২ দিন বাদেই ঈদ উদযাপন করা হবে। অথচ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে নিরন্ন মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। প্রতি রমজানে নিত্যপণ্যসামগ্রীর দাম বৃদ্ধি একটি প্রচলিত রীতিতে পরিণত হয়েছে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে না পারায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে ফায়দা লোটে আর প্রদর্শিত হয় সরকারের ব্যর্থ আস্ফালন।
অপরদিকে গত ৯ মে রবিবার খুলনা জেলার ফুলতলার আটরা এবং যশোরের রাজঘাট শিল্পাঞ্চলে পাটকলের বদলী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে শ্রমিকসভা অনুষ্ঠিত হয়। আটরা শিল্পাঞ্চলে বিকেল ৫:৩০টায় ফুলতলা ইস্টার্ণ গেট চত্বরে অনুষ্ঠিত শ্রমিকসভায় সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহবায়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা মোঃ মোজাম্মেল হক খান এবং সন্ধ্যা ৭টায় রাজঘাট শিল্পাঞ্চলের শ্রমিকসভায় সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আঞ্চলিক কমিটির সদস্য সচিব শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, ফুলতলা সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার, শামস শারফিন শ্যামন, নাসিম উদ্দীন জয় প্রমুখ।
(ঊষার আলো-আরএম)
