UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

ঊষার আলো
আগস্ট ১৩, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের ১৬টি জেলায় আজ (শুক্রবার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী রোববার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে ও বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখলী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ১টি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুবাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

(ঊষার আলো-আরএম)