মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন নদ-নদী ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কুশিয়ারা’ বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা জাল ধ্বংস করা হয়।
নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ৭৪টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় গত ৮ অক্টোবর থেকে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজের পাশাপাশি বিভিন্ন কন্টিনজেন্ট ও দ্রুতগতির বোটের মাধ্যমে এসব অভিযান অব্যাহত রয়েছে।
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
ঊআ- মোচৌ
