UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আজও জামিন হলো না রোজিনার, শুনানী রোববার

ঊষার আলো
মে ২০, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেছেন আদালত। ওই দিন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য দিনও ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার (২০ মে) সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এসময় রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। অপরদিকে, রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্যও রোববার দিন ধার্য করেন আদালত। সাংবাদিক রোজিনার জামনি বিষয়ে আজ আদেশ না হওয়ায় ন্যায়বিচারে বিলম্ব হলো বলে মন্তব্য করেছেন তার আইনজীবী এহসানুল হক সমাজি। তিনি জানান, ‘মামলাটি জামিনযোগ্য। আশা করেছিলাম রোজিনাকে আজ জামিন দেয়া হবে। আজ তাকে জামিন না দেয়ায় ন্যায়বিচার বিলম্বিত হলো।’

এর আগে মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সাথে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। সেদিন সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অপরদিকে, তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সাথে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। পরে, রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার জন্য নির্দেশ দেন। এরপর প্রিজন ভ্যানে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

(ঊষার আলো-আরএম)