UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২২, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমুদ্রসীমার নিরাপত্তা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo)। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে।

আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে অনুসন্ধান ও উদ্ধার (এসএআর), জাহাজে অভিযান ও তল্লাশি, ড্রোন পরিচালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) ডেটা বিশ্লেষণ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা কামনা করা হয়। ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক নিরাপত্তা, আকাশ ও মহাকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঊষার আলো-এসএ