আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, অতিরিক্ত খাজনা আদায়, জাল নোটের বিস্তার, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা এবং সিন্ডিকেটের মাধ্যমে পশুর দাম বৃদ্ধি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতের কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’।
শুক্রবার (২৩ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, খুলনা আদালত ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। দিনের আলোতে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়া নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে উল্লেখ করে এসব অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মো. দেলোওয়ার হোসেন, উপদেষ্টা সদস্য মো. আব্দুর রহমান, নির্বাহী সভাপতি এস এম দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, দপ্তর সম্পাদক মো. নাজমুল কবির, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্ন), সহ-প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, আইন ও শালিশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক শাহরিয়া মেজবাহ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শওকত আলী, সুমাইয়া খাতুন (মনিকা)সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় সংগঠনের সভাপতি সরদার বাদশা বলেন, ‘নিরাপদ খুলনা চাই’ একটি সামাজিক সংগঠন হিসেবে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মাদক, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য ও অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ঊআ-মোচৌ
