UsharAlo logo
, |

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুইজে পুরস্কৃত ৫৮ শ্রমিক

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবদান অতুলনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

তিনি বলেন, মহানবী (সা.) শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছেন এবং অধীনস্থদের সঙ্গে মানবিক আচরণের শিক্ষা দিয়েছেন। শ্রমবান্ধব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সিরাতের এসব শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে সমাজ থেকে বৈষম্য ও জুলুম দূর করা সম্ভব।

শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, খুলনা অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ জাকিরুজ্জামান ও আব্দুল খালেক হাওলাদার।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা মহানগরী থেকে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৯৮ জন সব প্রশ্নের সঠিক উত্তর দেন। পরে লটারির মাধ্যমে নির্বাচিত প্রথম ৫৮ জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন খালিশপুর থানার রায়েরমহল এলাকার শ্রমিক ফাতিমা খাতুন। তাঁকে একটি সিঙ্গার সেলাই মেশিন ও ক্রেস্ট দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকার করেন লবণচরা জিরো পয়েন্ট এলাকার সাদিয়া আক্তার চাঁদনী। তিনি পান একটি স্ট্যান্ড ফ্যান ও ক্রেস্ট। তৃতীয় স্থান অধিকার করেন দৌলতপুর থানার পাবলা এলাকার খন্দকার ইয়াসিন। তাঁকে দেওয়া হয় একটি টেবিল ফ্যান ও ক্রেস্ট। এ ছাড়া ২৮ জন পুরুষ ও ৩০ জন নারী শ্রমিককে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনচরিত শুধু ইতিহাসের অধ্যায় নয়, বরং ইহকাল ও পরকালের সাফল্যের পথনির্দেশনা। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। পুরস্কার অর্জনের পাশাপাশি সিরাত অধ্যয়ন ও তা জীবনে ধারণ করাই সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট শাখার নেতারা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ