বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। যে দল নিজ দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই দেশ পরিচালনায় জনগণের আস্থা অর্জন করবে।
শনিবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত ও রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহা. এমরান হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকারের দায়িত্ব শুধু বাজেট ঘোষণা নয়, তার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করাও। অতীতে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করাই গণতন্ত্রের মূল ভিত্তি। গণভোটে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করে শাসনব্যবস্থা পরিচালনার চেষ্টা করলে জনগণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। দেশের মানুষ অনির্বাচিত প্রশাসক নয়, বরং ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সমাজ পরিবর্তনের আগে ব্যক্তি ও পরিবারকে আদর্শবান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মুন্সী মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, এস. এম. এনামুল হক, অ্যাডভোকেট লিয়াকত আলী, মিয়া মুজাহিদুল ইসলাম ও মুহা. আশরাফুল আলমসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
