UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এবার বিশ্বের ৬০ হাজার জনকে হজ পালনের সুযোগ দেবে সৌদি

ঊষার আলো
মে ২৪, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কভিড-১৯ মহামারির পর প্রথম বারের মতো এ বছর বিশ্বের ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবে বলে জানিয়েছে সৌদি আরব। ২৩ মে রবিবার হজ বিষয়ক এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে মসজিদুল হারামের অফিসিয়াল টুইটারে এ খবর বলা হয়েছে।
বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হজে বিশ্বের বিভিন্ন দেশের ১৮-৬০ বছর বয়সী নাগরিকরা অংশগ্রহণের সুযোগ পাবে। তবে করোনা মহামারির আগের সময়ের তুলনায় সীমিত সংখ্যক লোক এবারের হজে অংশ নেবে।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, সৌদির বাইরের দেশ থেকে মাত্র ৪৫ হাজার লোক এ বছর হজে অংশগ্রহণের সুযোগ পাবে। আর সৌদি থেকে ১৫ হাজার হজ পালনের সুযোগ পাবে। সর্বমোট ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবে।
গত ১৭ মে থেকে হজ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। চলতি বছরের ১৭-২২ জুলাই মুসলিমদের সর্ববৃহৎ সম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
হারামাইন শরিফাইনের এক টুইট বার্তায় বলা হয়েছে, এ বছর কেবল ১৮-৬০ বছর বয়সী ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবে। তাঁদেরকে অবশ্যই সুস্থ-সবল হতে হবে। হজ সফরের আগের ৬ মাসে কোনো অসুস্থতার কারণে হাসাপাতালে থাকা যাবে না।
তাছাড়া এ বছরের হজে অংশগ্রহণকারীদেরকে অবশ্যই ২ ডোজ করোনা টিকা নিতে হবে। নিজ দেশের স্বাস্থ্যবিভাগ বা হাসপাতাল বা মন্ত্রণালয় প্রদত্ত করোনা টিকা গ্রহণের কার্ড দেখাতে হবে। সৌদির স্বাস্থ্য বিভাগের অনুমোদিত করোনা টিকাগুলোর মধ্য থেকে টিকা গ্রহণ করতে হবে।
বিদেশী হজযাত্রীদেরকে ৩ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। টিকার প্রথম ডোজ অবশ্য ঈদুল ফিতরের আগে নিতে হবে। এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।
পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে।
হারামাইন শরিফাইনের টুইটারে হাজিদের পালনীয় নির্দেশনাবলি উল্লেখ করা হয়েছে। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার প্রাঙ্গণ, মসজিদুল হারাম অবস্থানকালের হাজিদের পালনীয় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

(ঊষার আলো- এম.এইচ)