খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে কুয়েটের শিক্ষা, গবেষণা, চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ৪র্থ সমাবর্তন আয়োজনের বিষয়েও আলোচনা করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রার্থনা করেন। এ সময় রাষ্ট্রপতি সমাবর্তনের সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি ২০২৭ নির্ধারণের নির্দেশনা দেন। তবে চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রাষ্ট্রপতি কুয়েটের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
