UsharAlo logo
, |

কুয়েটে উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

Mohon Chowdhury
জুন ২৯, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনিক সেবার ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে “ইনোভেটিভ আইডিয়াসমূহের প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ১০১ নম্বর কক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সেবার বিকল্প নেই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ কুয়েটকে স্মার্ট, শিক্ষার্থীবান্ধব ও গবেষণাকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আজকের উদ্ভাবনী ধারণাগুলোর মধ্য থেকেই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সেরা ধারণাগুলোর বাস্তবায়নের মাধ্যমে কুয়েট আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে ৩০ জন অংশগ্রহণকারী প্রশাসনিক কার্যক্রমের ডিজিটালাইজেশন, সেবা সহজীকরণ, অটোমেশন এবং আধুনিকায়ন-সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি জমাকৃত আইডিয়াগুলো পর্যালোচনা করবে। মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা উদ্ভাবনী ধারণার জন্য আগামী ৩০ জুন পুরস্কার প্রদান করা হবে।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক ও শাখা প্রধান, মূল্যায়ন কমিটির সদস্য এবং ইনোভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ কুয়েটে উদ্ভাবনের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং সেরা ধারণাগুলোর বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহ আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।