পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) যৌথ উদ্যোগে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) এবং পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ.কে.এম. মোশাররফ হোসেন মিয়াজীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ারও অন্যতম ভিত্তি। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান এবং এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কেএমপিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. গোলাম মোর্শেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশীয়, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
