খুলনা খান বাহাদুর আহ্ছানউল্ল্যা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের সময়, বিশেষ করে বাসায় তাদের পড়াশোনার পরিবেশ ও অগ্রগতির বিষয়ে অভিভাবকদের নিবিড় তদারকি ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, অভিভাবকদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ শিক্ষার্থীদের উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে অভিভাবক, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান।
আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক আহসান উল্লাহ। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আনজির হোসেন। তিনি বলেন, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থা বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মো. নাজিম। পরে আইএসএলএম বিভাগের একাডেমিক কার্যক্রম, পাঠদান, গবেষণা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদর্শন করা হয়। শেষে অভিভাবকদের সঙ্গে শিক্ষকবৃন্দের উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকরা বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্ট শিক্ষকরা সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেন।
