UsharAlo logo
, |

কেডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Mohon Chowdhury
জুলাই ৯, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে আধুনিক ও বাসযোগ্য খুলনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, খুলনাকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবুজায়নের বিকল্প নেই। এ লক্ষ্যে কেডিএর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা ও ধর্মীয় উপাসনালয়ে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এটি শুধু একটি সরকারি কর্মসূচি নয়, বরং জাতীয় পর্যায়ের একটি আন্দোলন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

কেডিএ চেয়ারম্যান আরও বলেন, কেডিএর কোনো উন্নয়ন সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, রাজনীতিক এবং সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এ উদ্দেশ্যে আগামী ১১ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএর প্রধান প্রকৌশলী ও কেডিএ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, অধ্যক্ষ মো. মনিরুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ। পরে কেডিএ চেয়ারম্যান কলেজের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন।