খুলনা নগরীর খালিশপুর নেছারিয়া মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল ও ফুটবল বিতরণ করেছে জাতীয়তাবাদী ওলামা দল, খালিশপুর থানা শাখা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খালিশপুর থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী। তিনি এতিম শিশুদের হাতে আম, কাঁঠাল, আনারস, ড্রাগন ফল, পেয়ারাসহ বিভিন্ন পুষ্টিকর মৌসুমি ফল তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার উৎসাহ দিতে একটি ফুটবলও উপহার দেন।
খালিশপুর থানা ওলামা দলের সদস্য সচিব মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল খুলনা মহানগর শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা আল আমিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. বখতিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা এতেসাম আজিজুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, হাফেজ আমির হামজা, হাফেজ আব্বাস আলী ও হাফেজ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পুষ্টিকর মৌসুমি ফল বিতরণ করেন। ফল হাতে পেয়ে শিশুদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা ইলিয়াছুর রহমান বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। ফলের উচ্চমূল্যের কারণে অনেক সময় তারা প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটানো এবং পুষ্টির চাহিদা পূরণে সংগঠনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
সংগঠনের নেতারা জানান, জাতীয়তাবাদী ওলামা দল সবসময় অসহায়, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
