খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ওবিইভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা এবং এ বিষয়ে হাতে-কলমে অনুশীলন নিয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
কর্মশালায় ওবিই কারিকুলামের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনমির যথাযথ প্রয়োগ, কোর্স লার্নিং আউটকামসের (সিএলও) সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য এবং নম্বর বণ্টনের যৌক্তিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রশ্নপত্রে একই ধরনের প্রশ্নের পুনরাবৃত্তি পরিহারসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়।
ঊআ-মোচৌ
