খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।
আলোচনা সভায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় হাজারো শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের প্রতিষ্ঠান। এখানকার গ্রাজুয়েটরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। এছাড়া কেইউ-০১ অ্যালামনাই নেটওয়ার্কের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত গুহ বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল এবং সুন্দরবন ভ্রমণের আয়োজন করা হয়।
ঊআ- মোচৌ
