খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ শুধু কংক্রিটের ভবন, প্রশস্ত সড়ক কিংবা বৃহৎ অবকাঠামো নির্মাণের কাজই করছে না; বরং খুলনাকে একটি পরিবেশবান্ধব, বাসযোগ্য ও ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর কল্পতরু মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দৌলতপুরের পরিত্যক্ত কল্পতরু মার্কেট অপসারণ করে সেখানে জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। অবহেলিত খুলনার সার্বিক উন্নয়নে টেকসই ও সুপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অ্যাডভোকেট মনা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। তিনি নগরবাসী, যুবসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বলেন, দেশের সবুজায়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও অত্যন্ত জরুরি।
পরে বিশিষ্ট সমাজসেবক শামশাদ আতিক কিশোরের অর্থায়নে দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন ও দর্জিকাজের জন্য থান কাপড় বিতরণ করা হয়। এ সময় কেডিএ চেয়ারম্যান সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এরপর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। পরে দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
