UsharAlo logo
, |

খুলনায় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ মাঠে মহানগর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে দৌলতপুর থানাধীন ১ নং ওয়ার্ড টিম ৭০ রানে শ্রমিক কল্যাণ ফেডারেশন টিমকে পরাজিত করে। অপর সেমিফাইনালে সোনাডাঙ্গা থানাধীন ১৭ নং ওয়ার্ড টিমকে ১০৪ রানে পরাজিত করে খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড টিম। আগামী ১২ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দৌলতপুর ১ নং ওয়ার্ড বনাম খালিশপুর ৯ নং ওয়ার্ড।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে—তাই তাদের জন্য কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা জরুরি। দেশে বিপুল সংখ্যক শিক্ষিত ও মেধাবী যুবক রয়েছে, কিন্তু সুযোগের অভাবে তারা পিছিয়ে আছে। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের কর্মসংস্থান নিশ্চিত করা, যাতে তারা পরিবার ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দৌলতপুরসহ অনেক এলাকায় খেলার মাঠ দখল হয়ে গেছে। মাঠ শুধু বিনোদনের স্থান নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র। দখল হওয়া মাঠগুলো পুনরুদ্ধার করা গেলে তরুণরা সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমবে। তিনি আরও বলেন, দৌলতপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ জরুরি।

আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত কাজ, পারস্পরিক সম্মান ও নেতৃত্বগুণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। পুরো মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যকর ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।

মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য মিম মিরাজ হোসাইন, অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, মহানগর যুব ও ক্রীড়া কমিটির সেক্রেটারি হামিদুল ইসলাম খান প্রমুখ। মাঠে স্থানীয় তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ঊআ-মোহন চৌধুরী