জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে আগামী ১৬ জুলাই সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহিদ সাকিব রায়হানের বাবা-মা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
