UsharAlo logo
, |

খুলনায় তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর নতুন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো. আবু সাইদ শেখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জনগণের স্বার্থে সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. শফিকুল আলম তুহিন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় জনগণ এখন সচেতন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. আলমগীর হোসেন রাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, মহানগর তাঁতীদলের সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আসলাম হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ূন কবির।

এছাড়া সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও খানজাহান আলী থানাসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড তাঁতীদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা সমাবেশে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।