খুলনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।
সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ও কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মুর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করতে হবে। গুজব, ডিপফেক ও অপতথ্য শনাক্তে ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
কর্মশালায় খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান। প্রশিক্ষণে হাতে-কলমে মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার এবং ভুয়া খবর শনাক্তের কৌশল শেখানো হচ্ছে।
তিন দিনব্যাপী এ কর্মশালা আগামী ১৪ অক্টোবর শেষ হবে। ওই দিন বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ৩৫ জন প্রতিনিধিসহ মোট ৭০ জনকে সনদ দেওয়া হবে।
ঊআ- মোচৌ
