ঊষার আলো প্রতিবেদক : নগরীতে অস্ত্র আইনের মামলায় নিল রতন হালদার নামে এক আসামীর ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ (৩১ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কচুয়া উপজেলার কৈলাসখালী গ্রামস্থ সুকুমার হালদারের পুত্র।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কাজী সাব্বির আহমেদ নথির বরাত দিয়ে বলেন, ২০১১ সালের ২৭ অক্টোবর দুপুরে নগরীর জিরো পয়েন্ট থেকে ভ্যানযোগে রূপসা ব্রীজের দিকে যাচ্ছিল আসামি রতন হালদার। এসময় লবনচরা থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে সকলকে তল্লাশি করতে থাকে। তখন আসামী রতনের দেহ তল্লাশি করে একটি দেশী তৈরি ওয়ান শুটার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এঘটনায় খুলনা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই বছরের ৩১ নভেম্বর খুলনা থানার এস আই তাপস কুমার পাল নিল রতনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ৭ জনের সাক্ষগ্রহণ শেষে আজ সংশ্লিষ্ট আদালতের বিচারক আসামীর বিরুদ্ধে এ রায় ঘোসণা করেন।
(ঊষার আলো-আরএম)
