ঊষার আলো রিপোর্ট : খুলনার ফুলতলায় সৈয়দ আলিফ রোহান (২০) হত্যার রহস্য উদঘাটন হয়েছে। স্কুলের মেয়েদের ছবি তোলা ও উত্যক্তে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে খুন করেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলা এম এম (মোজাম মহলদার) কলেজ প্রাঙ্গণে তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি ওই কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহেরের ছেলে।
এ ঘটনায় শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে নিহতের বাবা সৈয়দ আবু তাহের বাদী হয়ে ৫ জনের না উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে ফুলতলা হানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার আসামী দীপ্ত সাহাকে (২১) শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে ফুলতলার দামোদর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তিনি ফুলতলা বাজারের গুড় ও চিনি ব্যবসায়ী দীপক সাহার ছেলে।
গ্রেফতার আসামীর প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, গত কয়েকদিন আগে পায়গ্রাম কসবা এলাকার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘শান্ত-হাসনাত-তাছিন’ কিশোর গ্যাং এর সদস্যরা মেয়েদের ছবি তুলছিল ও উত্যক্ত করছিল। এতে বাধা দেয় সৈয়দ আলিফ রোহান। এ ঘটনায় ঐ কিশোর গ্যাং এর সদস্যরা রোহানের উপর ক্ষিপ্ত থাকে এবং তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে। বৃহস্পতিবার রোহান ক্লাস করতে কলেজে আসার খবর পেয়ে যায় ওই গ্যাংয়ের সদস্যরা। তাৎক্ষনিক তারা মোটরসাইকেলের বহর নিয়ে কলেজে এসে রোহানকে ছুরিকাঘাত করে তাজপুর গ্রামের দিকে চলে যায়।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও ফুলতলা থানার তদন্ত পরিদর্শক এস এম শাহাদাত হোসেন বলেন, ‘এ হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল দীপ্ত সাহা। তাকে গ্রেফতার করার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ হত্যার রহস্য উদঘাটন হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলার অগ্রগতি হয়েছে।’
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, ‘ফুলতলার ‘শান্ত-হাসনাত-তাছিন’ গ্রুপের সদস্যরা একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় কলেজ ছাত্র খুনের হয়েছে। ওই গ্রুপের সদস্য দীপ্তকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ঊষার আলো-এসএ
