ঊষার আলো প্রতিবেদক : খুলনার রূপসায় ইউপি সদস্য বড় ভাই ইনতাজ মোল্লার (৫৫) ইটের আঘাতে প্রাণ গেল ছোট ভাই ইসরাইল মোল্লার (৫০)।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাইল গ্লোরি জুট মিলের শ্রমিক ছিলেন।
নিহত ইসরাঈল মোল্লা ওই এলাকার মৃত ইকলাস মোল্লার মেঝ ছেলে।
পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর ইউপি সদস্য ইন্তাজ মোল্লা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়িতে থাকাকালীন আকস্মিকভাবে তার বাড়িতে হামলা চালায় আপন ভাই ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৪৮)সহ তার ছেলে সোহাগ (২৫) ও ভাই মারুফ মোল্লা। বেধড়কভাবে বাঁশের লাঠি দিয়ে তারা ইসরাইলকে আঘাত করতে থাকে। একপর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথায় আঘাত করলে তার মাথার অর্ধেকাংশ থেতলে যায়। ঘটনাস্থলে নিহতের স্ত্রী খাদিজা পারভীনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে ইসরাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী খাদিজা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং কিছুদিন পূর্বে সংঘটিত নির্বাচনকে ঘিরে ২ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তার স্বামী ইউপি সদস্য প্রার্থী জব্বারের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইন্তাজ মোল্লা সুপরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংঘটিত করেছে বলে জানান তিনি।
খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার এ সার্কেল এসএম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারেফ হোসেন বলেন, ইসরাইল মোল্লাদের পারিবারিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার জেরে তিনি নিহত হন। ঘাতকরা পালিয়েছে। পুলিশ হামলাকারীদেরে গ্রেফতারের চেষ্টা করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো-এস,এ)
