UsharAlo logo
, |

খুলনায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ঊষার আলো
অক্টোবর ৩১, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামের দীপক দাসের পানের বরজে স্ত্রী মরিয়মকে হত্যার পর লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলার অপর এ‌কটি ধারায় আসামিকে  ৭ বছরের জেল এবং ২৫ হাজার টাকা জ‌রিমানা ও অনাদায়ে আরো ১ বছ‌রের কারাদণ্ড দেওয়া হয়।

আাজ (৩১ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত  আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত র‌ফিক শেখ রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের পুত্র।

জানা গেছে, রফিক শেখের সাথে ২০১৭ সালে ফকিরহাট উপজেলার হালিমা বেগমের ছোট মেয়ে মরিয়মের বিয়ে হয়। এরপর তারা বেশ সুখে ছিল। তবে, ভিকটিম মরিয়ম মোবাইলে তার বাবার বাড়িতে একটু বেশি  কথা বলায় সন্দেহ করতেন স্বামী রফিক। এটি নিয়ে প্রায়সময় তাদের মধ্যে ঝগড়া হতো। এক পর্যায়ে তারা নেহালপুর থেকে ফকিরহাটের খাজুরা এলাকায় রকি শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠে। কিন্তু সেখানেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত।

সর্বশেষ ২০২০ সালের ১২ আগস্ট দুপুর ১২টায় বাড়ি এসে রফিক তার স্ত্রীকে না পেয়ে সন্দেহ আরও বেড়ে যায়। মরিয়মের কাছে বাইরে থাকার কারণ জানতে চায় রফিক। কিন্তু কোনো উত্তর না পাওয়ায় মরিয়মকে হত্যার পরিকল্পনা করেন আসামী রফিক। রফিক রূপসা উপজেলার দেবীপুর গ্রামের দীপক দাসের পানের বরজে নিয়ে যেয়ে ইট দিয়ে প্রথমে মরিয়মের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। তারপর মরিয়মের শরীরে বস্তা পেচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন পাষন্ড স্বামী।

ঘটনার ২দিন পর মরিয়মের অর্ধগলিত এবং পোড়া লাশ পানের বরজের মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের মা রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত  কর্মকর্তা এস আই মোঃ শাহাবুদ্দিন গাজী আসামী রফিক শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আজ এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পিপি এড. এনামুল হক।

 

(ঊষার আলো-আরএম)