ঊষার আলো ডেস্ক : প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ায় চীনের গানজু প্রদেশের চলমান আল্ট্রাম্যারাথনে অংশ নেওয়া অন্তত ২১ প্রতিযোগীর মৃত্যু হয়েছে।
চীনের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, স্থানীয় গত ২২ মে শনিবার গানজুর বাইয়াইন শহরের পার্শ্ববর্তী ইয়োলো রিভার স্টোন ফরেস্টের পার্বত্য এলাকায় ক্রস কান্ট্রি ১০০ কিলোমিটার ম্যারাথন চলাকালে হঠাৎই আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
বাইয়াইন সিটি মেয়র ঝাং জুচেন বলেছেন, ম্যারাথন চলাকালে বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে ঠাণ্ডা ঝড়ো বাতাস প্রবাহিত হয়। এতে ওই অঞ্চলের তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। প্রতিযোগীদের উদ্ধারের জন্য পাঠানো মেসেজ যতক্ষণে রিসিভ করা হয়, ততক্ষণে ২১ জনের মৃত্যু হয়ে যায়। পরে ওই এলাকা থেকে ১৮ জন প্রতিযোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রতিযোগিতায় ১৭২ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। বাকি ১৫১ জন নিরাপদ রয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গোলিয়া সীমান্ত এলাকায় লাগোয়া গানসু প্রদেশ চীনের অন্যতম দারিদ্র্যপ্রবণ পার্বত্য এলাকা। এখানকার পাহাড়গুলো চার বিলিয়ন বছর আগে গঠিত। এলাকাটিতে দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটে ও তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে যায়। এ ছাড়া ওই এলাকাটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটেছে। ২০১০ সালে এক ভূমিধসের ঘটনায় গানসুতে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
(ঊষার আলো- এম.এইচ)
