ঊষার আলো ডেস্ক : ২০২১-২০২২ অর্থবছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এই বাজেটে ঘাটতি রয়েছে মোট ৪০ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকা।
গতকাল রোববার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়ালি সিন্ডিকেটের বিশেষ সভায় এই বাজেট পাস হয়। সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জনান, ২০২১-২২ অর্থবছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। যেটি গত বছরের বাজেটের তুলনায় প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা কম।
বাজেটের আয় হিসেবে দেখানো হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্ত ২৩৭ কোটি ৭৪ লাখ টাকা যা মূল বাজেটের ৮৯ দশমিক ৩০ শতাংশ। এছাড়াও আভ্যন্তরীণ আয় ২৮ কোটি ৫০ লাখ টাকা যা মূল বাজেটের বাকি ১০ দশমিক ৭০ শতাংশ।
এবারের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক বেতন ও বিভাগ খরচ খাতে ৯৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকা এটি মোট বাজেটের প্রায় ৩৫ শতাংশ। এছাড়াও আছে পেনশন, প্রশাসনিক খাত ও আনুষঙ্গিক ব্যয়। যা মোট ৯১ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা। আর আবাসিক হলগুলোতে ২৩ কোটি ৪২ লাখ ৫৪ হাজার টাকা, ভর্তি খরচ বাবদ ১২ কোটি টাকা ও অন্যান্য ভাতা ৯ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা। গবেষণায় ৪ কোটি টাকা ও চিকিৎসায় ২ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা এবং ব্যবস্থাপনা ব্যয় ১ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা।
(ঊষার আলো-এফএসপি)
