ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির লক্ষ্যে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সকাল থেকে তিনি সোনাডাঙ্গা বিকে রায় রোড (ডালমিল মোড়), মিস্ত্রিপাড়া খালপাড়া রোড এবং টিবি ক্রস রোড সংলগ্ন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর গিয়ার উদ্দিন বনি, মো. হাফিজুর রহমান মনি ও মাজেদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা কামরুল ইসলামের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এর আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুল্লাহ শামীম এবং মিস্ত্রিপাড়া খালপাড়া রোডের ১০ বছর বয়সী ফায়রুজের বাসভবনে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
