ঊষার আলো রিপোর্ট : নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত একজন মারা গেছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন। এ ঘটনায় আরো একজনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত তরুণের নাম নাহিদ হোসেন (২০)। তিনি ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান ছিলেন। তার বাসা কামরাঙ্গীর চরে। ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। ডা. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ময়নাতদন্তের জন্য নাহিদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হচ্ছে বলে জানিয়েছেন।
ডা. আলাউদ্দিন বলেন, ‘বর্তমানে মোরসালিন নামে আরও একজন লাইফ সাপোর্টে রয়েছেন। তিনিসহ তিন জন চিকিৎসাধীন। অপর দুজন হলেন শিক্ষার্থী কানন চৌধুরী ও দোকান কর্মচারী ইয়াছিন।’
নিহতের খালা মনিকা বলেন, ‘প্রতিদিনের মতো আজও ডিলিংক কুরিয়ার সার্ভিসের এলিফ্যান্ট রোডের অফিসে যাচ্ছিল নাহিদ। পথে তাকে পিটিয়ে মারা হয়েছে।’
এর আগে ঢাকা কলেজ এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সোমবার (১৮ এপ্রিল) কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে সংঘর্ষ থামাতে পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উপর টিআর শেল ও বুলেট নিক্ষেপ করে। মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেনসহ কয়েকজন শিক্ষক এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে আলোচনায় যাওয়ার সময় পুলিশ শিক্ষকদের উপর অতর্কিত হামলা করে। এতে এখন পর্যন্ত অধ্যক্ষসহ ৩ জন শিক্ষক ও প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কয়েকজন শিক্ষার্থী।
