UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

ক্রীড়া ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বেয়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারের জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজন। আর সেই ভোটদাতা যে লিওনেল মেসি, তা জানার পর বিস্মিত হয়েছেন আলজেরিয়ান এই ফুটবলার।

কোপা ট্রফিতে ভোট দেওয়ার সুযোগ পান সাবেক ব্যালন ডি’অরজয়ীরা। এবারের ভোটে অধিকাংশের পছন্দের তালিকায় ছিলেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। মেসিও তাদের ভোট দিয়েছেন। তবে এই দুই স্প্যানিশ তরুণের পর নিজের তৃতীয় পছন্দ হিসেবে রেখেছেন মাজাকে। পুরো ভোটের তালিকায় আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকেই একমাত্র ভোটটি পেয়েছেন লেভারকুসেনের এই মিডফিল্ডার।

মেসির মতো কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মাজা। জার্মান সংবাদমাধ্যম কিকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও ম্যাচের প্রস্তুতিতে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পর ফোনে একের পর এক বার্তা আসতে থাকে।

ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ৪-২ গোলে হারের পর মাজা বলেন, ‘প্রথমে আমি ম্যাচের দিকেই মনোযোগ দিতে চেয়েছিলাম। বিষয়টি মাথা থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম। এরপর অনেক বার্তা আসতে শুরু করে। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, খবরটি সত্যি নাকি মিথ্যা তা জানার জন্য। মেসির কাছ থেকে এমন কিছু আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন ফুটবলারের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার হয়ে একই ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি ও মাজা। গ্রুপ পর্বের সেই ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়। মাজা ৮২ মিনিট পর্যন্ত খেলেছিলেন, আর মেসি মাঠ ছাড়েন ৮০ মিনিটে। এরপর জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় আলজেরিয়া। তবে পরবর্তী সময়ে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। টুর্নামেন্টের চার ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাজা।

জাতীয় দলের হয়ে গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন এই তরুণ। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করেছেন তিন গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি। ২০২৫ সালের গ্রীষ্মে লেভারকুসেনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হন মাজা।

ঊষার আলো-এসএ