খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া গ্রামে ঢাকী নদীর প্রবল জোয়ার ও স্রোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রোববার সকাল ৮টার দিকে ৩১ নম্বর পোল্ডারের এ বাঁধ ভেঙে আশপাশের ১৩টি পরিবার তাৎক্ষণিকভাবে প্লাবিত হয়। তবে ভাটার কারণে লোকালয়ে পানি প্রবেশ করেনি।
বাঁধ ভাঙনে বটবুনিয়া, কামিনীবাসিয়া ও তিলডাঙা গ্রামের প্রায় ১২ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে প্রায় ৮ হাজার হেক্টর আমন ধানের ক্ষেত ও অসংখ্য মাছের ঘের লোনা পানিতে তলিয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বিকট শব্দ শুনে নদীর তীরে ছুটে গিয়ে তারা বাঁধের বড় একটি অংশ ধসে পড়তে দেখেন। ভাঙন ঠেকাতে দেওয়া জিও ব্যাগ ও মাটির বড় খণ্ডও নদীতে বিলীন হয়ে যায়। তাদের অভিযোগ, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধটি ব্লক দিয়ে সংস্কার করা হলেও কয়েক বছর ধরে সেখানে আবার ভাঙন দেখা দেয়। সম্প্রতি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও টেকসই সংস্কার হয়নি।
তিলডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী বলেন, বাঁধ সংস্কারের জন্য বারবার তাগিদ দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি এ বিষয়ে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
খুলনা পাউবো-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান জানান, চলমান ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বালু ও জিও ব্যাগ দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে। পরবর্তী জোয়ারের আগেই বাঁধ মেরামত করে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।
ঊআ- মোচৌ
