ঊষার আলো ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে যে কোনো ধরনের ক্ষতিকর তামাকজাত দ্রব্য তৈরি, মজুত, জোগান এবং বিক্রি আইনত অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চলতি বছরের ৭ নভেম্বর থেকে পরবর্তী ১ বছরের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ‘কমিশনার অব ফুড সেফটি’ ।
নির্দেশনায় বলা হয়েছে, গুটখা এবং বিভিন্ন রকম পানমশলা, যার মধ্যে নিকোটিন ও তামাকজাত উপাদান রয়েছে, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। পশ্চিমবঙ্গে এগুলোর বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিষেধাজ্ঞায় বলা হয়, ১ বছর এ নিষেধাজ্ঞা জারি থাকবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
(ঊষার আলো-আরএম)
