খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাইকগাছায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামী ২ আগস্ট রোববার সকাল ১০টায় পাইকগাছা উপজেলার রাড়ুলীতে অবস্থিত তাঁর বাসভবনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া রাড়ুলীর ভূবন মোহিনী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে তাঁর মূল বাড়ি প্রাঙ্গণে জীবনী, কর্ম, বিজ্ঞানচর্চা ও সমাজে অবদান নিয়ে ভিডিওচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
জন্মবার্ষিকী উপলক্ষে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবন ও কর্মভিত্তিক একটি স্মরণিকাও প্রকাশ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
