বিদ্যুৎ ও জ্বালানি খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। তিনি বলেন, জ্বালানি আমদানির লাগাম টানতে হলে দেশীয় গবেষণা ও উদ্ভাবনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অডিটোরিয়ামে বিইপিআরসি ও যবিপ্রবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান’ বিষয়ক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিইপিআরসি চেয়ারম্যান আরও বলেন, “ছোট ছোট উদ্ভাবন থেকেই বড় প্রযুক্তি তৈরি হয়। গবেষণাকে পেশা হিসেবে গ্রহণ করলে একদিন দেশের প্রযুক্তি খাত বৈশ্বিক পরিমণ্ডলেও পরিবর্তন আনতে পারবে।” গবেষকদের সুযোগ-সুবিধা বাড়াতে বিইপিআরসি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, “আমদানিকৃত পণ্য বিক্রি না করে, নিজেদের উদ্ভাবিত পণ্য বাজারজাত করতে হবে। দেশীয় প্রযুক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে দেশের মোট আমদানির প্রায় ২৫ শতাংশই প্রযুক্তি খাতের পণ্য ও সেবা। যদি নিজস্ব উদ্ভাবন না বাড়ানো যায়, তবে ভবিষ্যতে এই খাতে আমদানি নির্ভরতা ৯০ শতাংশে পৌঁছাতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ। বক্তৃতা করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসাইন ড. ইঞ্জি, বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ, যবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. মোঃ বিপ্লব হোসাইন।
অনুষ্ঠানে গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা জানান, এমন সিম্পোজিয়াম প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।
ঊআ-মোহন চৌধুরী
