ঊষার আলো প্রতিবেদক : খুলনায় সৈয়দ আলিফ রোহান (১৮) নামে এক কলেজছাত্র নিজ কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ রোহান ফুলতলা উলজেলার পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহের টুটুলের ছেলে। তিনি ফুলতলার এম এম কলেজের সমাজকর্ম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী । তাঁর বাবার একটি মোটরপার্সের দোকান রয়েছে। দুই ভাই-বোনের মধ্যে রোহান ছোট।
পূর্ব শত্রুতা ও প্রেমঘটিত কারণে এ হত্যা ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, রোহান কোন রাজনৈতিক দলের সাথে বা রাজনীতির সাথে জড়িত ছিল না। অনেকটা শান্ত স্বভাবের। তাঁর এমন মৃত্যু কোনভাবে মেনে নেওয়া যাচ্ছে না।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘অজ্ঞাতপরিচয় ৫/৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে আলিফকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, ‘নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদেন্ত শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি। পুলিশ মাঠে কাজ করছে।’
