ঊষার আলো ডেস্ক : ভুয়া আইডি ব্যবহার করে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রিপুরা সম্পর্কে মিথ্যে খবর বা গুজব ছড়াচ্ছে। তবে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইকমিশন বলছে, ‘গতকাল উত্তর ত্রিপুরার পানিসাগরে প্রতিবাদ সমাবেশের সময় কোনো মসজিদ পোড়ানো হয়নি। মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্ত করা বা লাঠি সংগ্রহ ইত্যাদি সংক্রান্ত যেসব ছবি শেয়ার করা হচ্ছে সেগুলো ভুয়া। এগুলো ত্রিপুরার নয়। ছবিগুলো অন্য কোন দেশের হতে পারে। এ ভুয়া ছবিগুলো কারা আপলোড করেছে সেটি খুঁজে বের করার চেষ্টা করছি।’
‘ত্রিপুরার সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল। রাজ্যের প্রত্যেক নাগরিককে ত্রিপুরায় আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে ত্রিপুরা পুলিশ।’
আরও বলা হয়, সকল সম্প্রদায়ের মানুষকে এ রকম ভুয়া আইডি সমর্থন এবং সাবস্ক্রাইব না করার জন্য অনুরোধ করছি। মিথ্যা ছবি ছড়াবেন না। এরই মধ্যে মামলা করা হয়েছে। যারা মিথ্যা খবর ও সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঊষার আলো-আরএম)
