UsharAlo logo
, |

বয়রায় নবাগত হাজিদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

Mohon Chowdhury
জুলাই ১১, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার বয়রায় হাজী কল্যাণ সোসাইটির উদ্যোগে নবাগত হাজিদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বয়রা বাইতুন্নাজাত জামে মসজিদ (হাজী লকিব উদ্দিন ওয়াকফ এস্টেট) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য এটি ফরজ। হজ পালন শেষে ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক দায়িত্বও যথাযথভাবে পালন করা উচিত।

হাজী কল্যাণ সোসাইটির সভাপতি এস কে সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবদুল্লাহ, হজ এজেন্সির প্রতিনিধি মো. ফারুক হোসেন, হাজী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মাওলানা মো. রফিকুল ইসলাম, মুফতি ইলিয়াস জাহানাবাদী, মো. মনোয়ার হুসাইন, আবুল বাশার, মো. আব্দুল মজিদ, মো. মোশাররফ হোসেন, নবাগত হাজি আবদুল্লাহ আল মাহমুদ ও মো. হাবিবুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ১৫০ জন নবাগত হাজিকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কবুল হজের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া হাজী কল্যাণ সোসাইটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।