UsharAlo logo
, |

বর্জ্য ব্যবস্থাপনায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
জুলাই ২৯, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করে যাচ্ছে। এ কাজে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা আরও সহজ হবে। তিনি বলেন, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ এবং জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

বুধবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট কিন সিটিজ (থ্রি-সি)’ প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট সার্কুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান অ্যান্ড কম্পোস্ট প্রিপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। কর্মশালায় জলবায়ু-স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য পৃথকীকরণ, কম্পোস্ট উৎপাদন, ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন ও মূল্যায়ন বিষয়ে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কম্পোস্ট চেম্বার প্রস্তুত, গুণগত মান নিয়ন্ত্রণ, সংগ্রহ ও প্যাকেজিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীরা ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার পরিদর্শন করেন।

প্রশিক্ষণে থ্রি-সি প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প ব্যবস্থাপক মো. মোসলেহ উদ্দিন ও গাজীপুরের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল হাসান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সার্বিক সমন্বয় করেন থ্রি-সি প্রকল্প-খুলনার সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মজিদ। এতে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, যুব স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন।

এর আগে সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কেসিসির বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।