UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি চলচ্চিত্র ‘দ্য গ্রেভ’ মুক্তি পাচ্ছে হলিউডে

ঊষার আলো
মে ৯, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রথমবারের মতো বাংলাদেশি কোনো চলচ্চিত্র বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হলিউডে। ইংরেজি ভাষার ওই ছবিটি ২০২২ সালের অস্কারে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা গাজী রাকায়েত। ‘দ্য গ্রেভ’ নামের চলচ্চিত্রটি প্রবাসী বাংলাদেশিসহ ভারতীয় ও স্থানীয়দের মাঝেও ব্যাপক সাড়া ফেলবে বলে আশা গুণী এ পরিচালকের।

এই ছবিতে বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রী। গ্রামীণ পরিবেশ। তাদের ভাষা বাংলা নয়, সবাই কথা বলছেন ইংরেজিতে। এটি এক ভিন্ন মাত্রা। আন্তর্জাতিকভাবে পিছিয়ে থাকা বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের প্রেক্ষাগৃহে সামনে ১৪ মে মুক্তি পাচ্ছে বরেণ্য নির্মাতা গাজী রাকায়েত পরিচালিত ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘দ্য গ্রেভ’।

ছবিটির পরিচালক গাজী রাকায়েত বলেন, চলচ্চিত্রটির মাধ্যমে আগামী বছর অস্কারের মঞ্চ দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখছি। সেই সাথে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করিয়ে দিতে চান বাংলাদেশের লাল-সবুজকে। এই ছবিটিতে হনুফা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দ্বিপান্বিতা মার্টিন। সামনে ঈদে হলে এসে ছবিটি উপভোগ করতে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়দের আহ্বান জানিয়েছেন তিনিও। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি ইংরেজির সাথে নির্মাণ করা হয়েছে বাংলা ভাষাতেও। বাংলা সংস্করণে এই ছবিটির নাম দেয়া হয়েছে গোর। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে।

(ঊষার আলো-আরএম)