UsharAlo logo
, |

বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান

Mohon Chowdhury
জুলাই ২৮, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সোমবার খুলনা নগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় আগে নিজেকে সচেতন হতে হবে, পাশাপাশি অন্যদেরও সচেতন করে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব সবার। তিনি বলেন, শিল্পায়নের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

বিভাগীয় কমিশনার আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজের প্রতিটি স্তরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। আগামী প্রজন্মকে রক্ষায় মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে ‘না’ বলে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সহসভাপতি শেখ মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ অলিউল ইসলাম।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভাগীয় কমিশনার। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।