ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা মহানগর কমিটির বৈঠক রবিবার (১৩ মার্চ) সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির আহ্বায়ক কোহিনুর আক্তার কণার সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল করিমের সঞ্চালনায় বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু।
বৈঠকে আরও আলোচনা করেন মহানগর কমিটির সদস্য হারুনুর রশীদ, শহীদুল সিকদার মনির, আবুল কালাম আজাদ, নভোজ্যোতি সরকার প্রমুখ। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জনগণের কাছে কোনো রকম জবাবদিহি না করে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি বেড়েই চলছে। সরকারের বাজার নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করার কথা থাকলেও সেই জায়গা থেকে সরে এসে সরকার ব্যবসায়ীদের পাহারাদার এক লুটপাটকারী সরকারে পরিণত হয়েছে। বক্তারা আরও বলেন, টিসিবি’র গাড়ি এখন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। এই ঘোড়ার সাথে দৌড়পাল্লায় যে জিতবে সে-ই কিছু পণ্য নিয়ে বাসায় ফিরতে পারবে। অন্যথায় দুর্ভিক্ষের চরম পর্যায় পরিদর্শন করে ঘরে ফিরতে হবে। সরকারের ব্যবসায়ী মন্ত্রীরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দোষ দিলেও এদেশের মানুষ জানে এগুলো দাম বাড়ানোর অজুহাত ছাড়া কিছুই নয়। বক্তারা একই সাথে ব্যাটারিচালিত রিক্সা-ইজিবাইক শ্রমিকদের হয়রানি বন্ধ করা, আটককৃত গাড়ী ফেরত দেয়া এবং নীতিমালা প্রণয়ন করে দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেয়ার দাবি জানান।
বৈঠক থেকে চাল-ডাল-তেল ও এলপি গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে ১৩-২৭ মার্চ বাসদ-এর দাবিপক্ষ এবং আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের অর্ধ দিবস হরতাল সফল করতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়।
