UsharAlo logo
, |

বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর বিএনপির নেতাদের অভিযোগ, খুলনায় খুন–সন্ত্রাস এখন “নিয়মিত ঘটনা”

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা অভিযোগ করেছেন, খুলনায় হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক হত্যাকাণ্ড এবং শতাধিক গুলি ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বিএনপির ২২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও অপরাধ দমন হচ্ছে না, বরং প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে। এর ফলে খুলনার রাজনৈতিক অঙ্গনেও চলছে চরম অস্থিরতা। নির্বাচন ঘনিয়ে এলেও খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, যা সাধারণ জনগণসহ রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

বিশেষ বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, সাম্প্রতিক ধারাবাহিক ঘটনা প্রমাণ করছে যে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, “পুলিশের একটি অসাধু অংশ সন্ত্রাসী ও আওয়ামী ক্যাডারদের তথ্য দিয়ে পালিয়ে যেতে সহায়তা করছে।”
তিনি আরও দাবি করেন, দেশে এখনো একটি ফ্যাসিবাদী চক্র সক্রিয় রয়েছে, যারা বিদেশে বসে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। এতে খুলনাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। না হলে অপরাধীরা আরও মাথাচাড়া দিয়ে উঠবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তুহিন।

২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম নুরুল আলম দিপুর সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমা রেহানা ঈসা, বদরুল আনাম খান, কেএম হুমায়ুন কবীর ও মোল্লা ফরিদ আহমেদ।

এছাড়াও বক্তব্য দেন—
মোঃ নাসির উদ্দিন, শফিকুল ইসলাম শফি, অ্যাড. হালিমা আক্তার, সজিব তালুকদার, ইশতিয়াক আহম্মেদ ইস্তি, কে এম জলিল, আবু সাঈদ শেখ, গাজী আফসার উদ্দিন, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন, নাজমুস সাকিব, আমিন আহমেদ, সওগত উল আলম সগীর, শেখ মেহেদী হাসান লিটন, জিয়াউর রহমান জিয়া, ময়েজ উদ্দিন চুন্নু, সৈয়দ আযাদ হোসেনসহ অন্যরা।

বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে খুলনার খুন–সন্ত্রাস দমনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ঊআ-মোহন চৌধুরী